৪ বছরে আরও ১২টি হাইটেক পার্ক হবে: পলক

২৮ আগষ্ট, ২০১৯ ১৮:৫৫  
ভারতের ১৯৩ মিলিয়ন ডলার সহায়তায় আগামী চার বছরে মধ্যে দেশের বিভিন্ন স্থানে আরও ১২টি হাইটেক পার্ক নির্মাণ কাজ শেষ হবে। এর সাহায্যে ভারত এবং বাংলাদেশের সমন্বয়ে ৩০ হাজার যুবককে কর্মসংস্থান সৃষ্টি হবে। বুধবার (২৮ আগস্ট) সকালে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে ‘ভারত-বাংলাদেশ সহযোগিতা ও সম্ভাবনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রধান আলোচকের বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জনগণ সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। সে কারণে তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্বটাকে আরও সুদৃঢ় করেছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ১০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।’ কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস। তিনি বলেন, 'বাংলাদেশের আইটি সেক্টরের উন্নয়নে ভারত সহযোগিতা করে চলেছে। বাংলাদেশের ১২টি জেলায় হাইটেক পার্ক স্থাপনে ভারত সরকার অর্থায়ন করছে। যা দুই দেশের জন্য একটি বড় অর্জন বলে মনে করি। আশা করি সামনের দিনে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ভালো হবে। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।